ঢাকা: ৩৪তম জন্মদিনটা দ্রুততম গোলেই উদযাপন করলেন রবার্ট লেভানডফস্কি। যদিও ফ্রান্সে লিগ আঁ-র ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড নতুন করে লিখে ফেলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। মাত্র ৮ সেকেন্ডে!
পিএসজির খেলা শুরুর প্রায় সোয়া এক ঘণ্টা পর শুরু হয় বার্সার খেলা। লেভানডফস্কি এমবাপ্পের রেকর্ড ভাঙতে না পারলেও ৪৪ সেকেন্ডে গোল করে রেকর্ডের পাতায় ঢুকে গেছেন। লা লিগার ইতিহাসে জন্মদিনে এটাই দ্রুততম গোলের রেকর্ড।
রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ৪-১ গোলের জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। মৌসুমে এটাই প্রথম জয় কাতালান ক্লাবটির। প্রথমার্ধ ১-১ গোল সমতায় শেষ করে বার্সা। বিরতির পর ৬৪ মিনিটে আনসু ফাতিকে ফেরান তোরেসের বদলি হিসেবে মাঠে নামিয়ে আরও তিন গোল তুলে নেন জাভি।
৬৬ মিনিটে উসমান দেম্বেলে এবং ২ মিনিট পর লেভানডফস্কিকে দিয়ে গোল করান ফাতি। গোল করানোর পর নিজের গোলটা তার প্রাপ্যই ছিল। ৭৯ তা করেও ফেলেন স্পেন ফরোয়ার্ড। দেম্বেলেকে গোল করিয়েছেন দারুণ ব্যাকহিলে আর লেভাকে বুদ্ধিদীপ্ত পাসে। পরে লেভার ভলি থেকে করেছেন নিজের গোল।
সোনালীনিউজ/এআর







































