• ঢাকা
  • সোমবার, ১৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিশ্বকাপ দল ঘোষণার আগেই নতুন বিতর্কে নেইমার


ক্রীড়া ডেস্ক মে ১৮, ২০২৬, ১১:৩৫ এএম
বিশ্বকাপ দল ঘোষণার আগেই নতুন বিতর্কে নেইমার

ফিফা বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ঠিক আগমুহূর্তে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে এবার ফুটবল নৈপুণ্যের জন্য নয়, বরং মাঠের এক নাটকীয় ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার রাত ২টায় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার কথা কোচ কার্লো আনচেলত্তির। তার আগে নেইমার দলে থাকবেন কি না, সেটিই ছিল সমর্থকদের বড় কৌতূহল। কিন্তু সেই উত্তেজনার মধ্যেই সান্তোসের ম্যাচে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা।

করিতিবার বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে হেরে যায় সান্তোস। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় আসে দ্বিতীয়ার্ধের একটি বিতর্কিত মুহূর্ত। ম্যাচ চলাকালে সান্তোস কোচিং স্টাফ ডিফেন্ডার গনজালো এসকোবারকে বদলি করার সিদ্ধান্ত নেয়। কিন্তু চতুর্থ কর্মকর্তা ভুলবশত ইলেকট্রনিক বোর্ডে এসকোবারের পরিবর্তে নেইমারের ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন।

সে সময় ইনজুরির কারণে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। নিজের নম্বর বোর্ডে দেখে ক্ষুব্ধ হয়ে দ্রুত মাঠে প্রবেশ করেন তিনি। রেফারির অনুমতি ছাড়া মাঠে ঢোকার কারণে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখানো হয় এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

ঘটনার পর নিজের ক্ষোভ আর লুকাতে পারেননি নেইমার। সাইডলাইনে গিয়ে চতুর্থ কর্মকর্তার কাছ থেকে বদলির কাগজ নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে প্রদর্শন করতে দেখা যায় তাকে। তিনি বোঝানোর চেষ্টা করেন, বদলির সিদ্ধান্তটি তার জন্য ছিল না, বরং এসকোবারের জন্য ছিল।

তবে ম্যাচ কর্মকর্তারা সিদ্ধান্ত পরিবর্তন না করায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। মাঠ ছাড়ার সময়ও রেফারিদের উদ্দেশে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সান্তোস ক্লাব দাবি করে, বদলির সময় চতুর্থ কর্মকর্তা স্পষ্ট ভুল করেছিলেন। টেলিভিশন ফুটেজ ও অফিসিয়াল নথিতেও সেই ভুলের প্রমাণ রয়েছে বলে জানায় তারা। তবুও সিদ্ধান্ত সংশোধন করা হয়নি বলে অভিযোগ ক্লাবটির।

ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক গোল সংখ্যা ৭৯। তবে দীর্ঘদিন চোটে ভোগার কারণে ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। ফলে বিশ্বকাপ স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এম

Link copied!