• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেইমারকে নিয়ে সংশয়, বিশ্বকাপের আগে ফের চোট


ক্রীড়া ডেস্ক মে ২১, ২০২৬, ০৭:১২ পিএম
নেইমারকে নিয়ে সংশয়, বিশ্বকাপের আগে ফের চোট

ছবি: সংগৃহীত

একের পর এক চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে তার জায়গা পাওয়া নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। অবশেষে সেলেসাওদের বিশ্বকাপ দলে ডাক পেলেও নেইমার জুনিয়রের বিশ্বমঞ্চে খেলা নিয়ে সংশয় যেন কিছুতেই কাটছে না। এবার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ডান পায়ের কাফ মাসলে নতুন সমস্যা ধরা পড়েছে। ফলে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ডান পায়ের কাফ পেশিতে চোট পাওয়ায় ক্লাবটির হয়ে সামনের ম্যাচগুলোতে তিনি মাঠে নামতে পারবেন না। আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ তারকার। তার আগেই এই চোটের খবর এলো।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সান্তোসের হয়ে খেলার সময় নেইমারের ডান পায়ের কাফ মাসলে দুই মিলিমিটারের একটি ছোট চোট ধরা পড়েছে। এই চোটের কারণে আসন্ন দক্ষিণ আমেরিকান কাপে সান লরেঞ্জো এবং ব্রাজিলিয়ান সিরি এ-তে গ্রেমিওর বিপক্ষে সান্তোসের হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন তিনি। তবে সান্তোসের মেডিকেল টিমের প্রধান রদ্রিগো জোগাইব ভক্তদের কিছুটা আশ্বস্ত করে জানিয়েছেন, নেইমারের এই চোট খুব একটা গুরুতর নয়। আগামী সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন এবং সময়মতো ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী মাসে শুরু হতে যাচ্ছে ফুটবলের মেগা আসর। বিশ্বমঞ্চে নামার আগে আগামী ৩১ মে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং এরপর মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোতে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ডি গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ হলো হাইতি এবং স্কটল্যান্ড।

এসএইচ 

Link copied!