ফাইল ছবি
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য এলো এক বড় ধাক্কা। কাফ ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র সম্ভবত চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে নারাজ ব্রাজিলের মেডিকেল টিম। তাদের মূল লক্ষ্য, নেইমারকে নকআউট পর্বের আগেই শতভাগ ফিট করে মাঠে ফেরানো।
গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে ‘গ্রেড-টু’ পেশির চোটে পড়েন নেইমার। সেই চোটের বড় শঙ্কা নিয়েই তিনি শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হন। নিউ ইয়র্ক রেড বুলস ট্রেনিং সেন্টারে সোমবারের অনুশীলনেও তিনি দলের সাথে মূল মাঠে নামতে পারেননি, বরং জিম ও পুনর্বাসন প্রক্রিয়ার মাঝেই সীমাবদ্ধ ছিলেন। প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ইনজুরির বর্তমান অবস্থা মূল্যায়নের জন্য আবারও নতুন করে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনও এই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেনি।
ব্রাজিল তাদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছে মরক্কোর বিপক্ষে ১-১ গোলের হতাশাজনক ড্র দিয়ে। সেই ম্যাচে নেইমার বদলি খেলোয়াড়দের তালিকায় থাকলেও দলের অফিশিয়াল ম্যাচ কিট পরে মাঠে নামেননি, যা তাঁর ইনজুরির গভীরতা তখনই স্পষ্ট করে দিয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নেইমারকে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ- ২০ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে সম্পূর্ণ বিশ্রামে রাখা হতে পারে।
প্রধান কোচ কার্লো আনচেলত্তি নেইমারের দলে থাকা এবং তাঁর ভূমিকা নিয়ে বলেন, নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা যখন তাকে স্কোয়াডে রেখেছিলাম, তখন কেবল তার অনবদ্য টেকনিক্যাল দক্ষতার জন্যই রাখিনি; বরং তার দীর্ঘ অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে সে যে উদাহরণ তৈরি করতে পারে, সেটার জন্যও তাকে আমাদের প্রয়োজন।
বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নেইমারের অনুপস্থিতিতে সেলেসাওদের আক্রমণভাগের গুরুদায়িত্ব এখন সামলাতে হবে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবং বার্সেলোনার রাফিনহাকে। প্রথম ম্যাচে মরক্কোর সাথে পয়েন্ট হারানোর পর এই মহাতারকাকে ছাড়া হাইতির বিপক্ষে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।
এসএইচ







































