• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মরণ কামড় দিয়েও শেষ রক্ষা হলো না হাইতির, নকআউটে দুর্দান্ত মরক্কো


ক্রীড়া ডেস্ক জুন ২৫, ২০২৬, ০৯:১৬ এএম
মরণ কামড় দিয়েও শেষ রক্ষা হলো না হাইতির, নকআউটে দুর্দান্ত মরক্কো

বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া হাইতি যেন মরক্কোর জন্য শেষ মুহূর্তের এক কঠিন পরীক্ষার নাম। আটলান্টা স্টেডিয়ামে অনেকটা গা ছাড়া ভাব নিয়েই মাঠে নেমেছিল মরক্কো, কিন্তু হাইতির অদম্য মানসিকতা তাদের শুরুতে বেশ বড় চাপে ফেলে দেয়। তবে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলের দুর্দান্ত জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

ম্যাচ শুরুর ১০ মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মরক্কো। হাইতির লেনি জোসেপের শট মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর শরীরে লেগে জালে জড়ালে লিড নেয় হাইতি। এরপর ৩৯ মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফিরলেও, ৪৩ মিনিটে উইলসন ইসিডোরের বুলেট গতির শটে আবারও পিছিয়ে পড়ে মরক্কো। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ইসমাইল সাইবারির দৃষ্টিনন্দন গোল মরক্কোকে লড়াইয়ে ফিরিয়ে বিরতিতে পাঠায়।

বিরতির পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় মরক্কোর অ্যাটলাস লায়নরা। হাইতির রক্ষণভাগকে নাজেহাল করে ৭৮ মিনিটে সুফিয়ান রাহিমির গোল মরক্কোকে প্রথমবার ম্যাচে লিড এনে দেয়। এরপর ম্যাচের ৮৯ মিনিটে গেসিমে ইয়াসিন প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি মারলে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় নিশ্চিত হয়।

এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি মরক্কো। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। অন্যদিকে, ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে নিজেদের অভিযান শেষ করল স্কটল্যান্ড। নকআউট পর্বে মরক্কো এখন নতুন কোনো প্রতিপক্ষের অপেক্ষায়, যেখানে তাদের আরও সাবধানে পা ফেলতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এম

Link copied!