• ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খারাপ সম্পর্কে থাকার চেয়ে একা থাকা ভালো: শবনম ফারিয়া


বিনোদন ডেস্ক জুন ১৮, ২০২৬, ১১:২১ পিএম
খারাপ সম্পর্কে থাকার চেয়ে একা থাকা ভালো: শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া মনে করেন, জীবনে ভুল সঙ্গী থাকার চেয়ে একা থাকাই অনেক বেশি স্বস্তিদায়ক। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত সম্পর্ক ও মানসিক সুস্থতা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি।

আলোচনায় শবনম ফারিয়া বলেন, একজন মানুষের ব্যক্তিগত জীবনের স্থিতি তার পেশাগত জীবনেও বড় ধরনের প্রভাব ফেলে। বিশেষ করে অভিনয়ের মতো চ্যালেঞ্জিং পেশায় কাজ করা নারীদের জন্য মানসিক চাপ সামাল দেওয়া অনেক কঠিন হয়ে পড়ে, যদি ব্যক্তিগত সম্পর্কে অশান্তি থাকে।

অভিনেত্রীর ভাষ্য, সম্পর্ক তখনই মূল্যবান, যখন তা মানসিক প্রশান্তি ও সহযোগিতা দেয়। কিন্তু সঙ্গী যদি নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে সেই সম্পর্ক বহন করা একজন নারীর জন্য অত্যন্ত ক্লান্তিকর ও চাপের হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, অভিনয়শিল্পীদের প্রতিনিয়ত বিভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হয় এবং অসংখ্য মানুষের সঙ্গে কাজ করতে হয়। এমন বাস্তবতায় ব্যক্তিগত জীবনে শান্তি ও মানসিক স্থিতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মানসিক স্বাস্থ্য প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, একজন মানুষ যখন নিজেই হতাশা বা মানসিক চাপে ভোগেন, তখন ঘরেও যদি অশান্তি বিরাজ করে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমন অবস্থায় দীর্ঘ সময় স্বাভাবিকভাবে জীবন চালিয়ে যাওয়া কঠিন বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করছেন।

এম

Link copied!