• ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবিতে নাজিরপুরে মানববন্ধন


পিরোজপুর প্রতিনিধি জুন ২৪, ২০২৬, ০৯:২৯ পিএম
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবিতে নাজিরপুরে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ৪ নম্বর দীর্ঘা ইউনিয়নের নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে “চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিদ্যালয়ের গেটসংলগ্ন নাজিরপুর-বৈঠাকাটা মহাসড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন কর্মসূচির আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার ও মো. মনির হোসেন, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আল-আমিন খান, নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আজমল হোসেন দিপু ও সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল কবির, ইউনিয়ন জামায়াতের আমির মো. মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির বাহাদুর মুন্না, মো. মামুন বাহাদুর এবং মো. ইকবাল হোসেন।

বক্তারা বলেন, মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই দীর্ঘা ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকায় কোনো মাদক কারবারি বা মাদকসেবীকে প্রশ্রয় দেওয়া হবে না।

সভায় বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ভবিষ্যতেও মাদকবিরোধী জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণ প্রজন্মকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সহায়ক হবে। তারা মাদকমুক্ত নাজিরপুর গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এসএইচ 

Link copied!