• ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাইতির সঙ্গে ড্র হলে ব্রাজিলের সামনে যে সমীকরণ দাঁড়াবে


ক্রীড়া ডেস্ক জুন ২০, ২০২৬, ০৫:৫৯ এএম
হাইতির সঙ্গে ড্র হলে ব্রাজিলের সামনে যে সমীকরণ দাঁড়াবে

বিশ্বকাপের ‘সি’ গ্রুপে শক্তিশালী দুই দল ব্রাজিল ও মরক্কোর মধ্যে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফলে গ্রুপের সমীকরণ ইতোমধ্যেই কিছুটা জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে শনিবার (২০ জুন) ভোরে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির বিপক্ষে।

এই ম্যাচে যদি ব্রাজিল হাইতির সঙ্গে ড্র করে, তাহলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য নকআউট পর্বে যাওয়ার পথ আরও কঠিন হয়ে পড়বে। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়াবে মাত্র ২ পয়েন্টে। ফলে শেষ গ্রুপ ম্যাচে কোনো ধরনের ভুলের সুযোগ থাকবে না এবং দলকে প্রবল চাপের মুখে পড়তে হবে।

এছাড়া ব্রাজিলের ভাগ্য অনেকটাই নির্ভর করবে স্কটল্যান্ড ও মরক্কোর মধ্যকার ম্যাচের ফলাফলের ওপরও। ওই ম্যাচের ফলই গ্রুপের চূড়ান্ত সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।

মরক্কোর বিপক্ষে যদি স্কটল্যান্ড জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৬ এবং তারা আগেভাগেই রাউন্ড অব থার্টি টু (৩২) নিশ্চিত করবে। অন্যদিকে, ব্রাজিল দ্বিতীয় রাউন্ড শেষে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় স্থানে থাকবে।

হাইতির সঙ্গে ড্র হলে সম্ভাব্য পয়েন্ট তালিকা

স্কটল্যান্ড– ৬ পয়েন্ট

ব্রাজিল– ২ পয়েন্ট

মরক্কো– ১ পয়েন্ট

হাইতি– ১ পয়েন্ট

গ্রুপের শেষ ম্যাচে যা করতে হবে ব্রাজিলকে

এ পরিস্থিতিতে শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোই হবে ব্রাজিলের সরাসরি পরবর্তী পর্বে ওঠার একমাত্র নিশ্চিত উপায়। আবার যদি স্কটল্যান্ডের সঙ্গে ড্র করে, তাহলে ব্রাজিল সরাসরি পরের রাউন্ডে উঠতে পারবে শুধুমাত্র তখনই, যখন গ্রুপের অন্য ম্যাচে মরক্কো-হাইতি ম্যাচও ড্র হবে।

অন্যদিকে, স্কটল্যান্ডের কাছে হারলে পরিস্থিতি আরও জটিল হবে। তবুও মরক্কো ও হাইতির ম্যাচ ড্র হলে ব্রাজিলের সুযোগ পুরোপুরি শেষ হয়ে যাবে না। সেক্ষেত্রে ব্রাজিল, মরক্কো ও হাইতি- তিন দলই ২ পয়েন্ট করে নিয়ে শেষ করবে এবং তৃতীয় স্থানের লড়াই নির্ধারিত হবে প্রতিযোগিতার টাইব্রেকার নিয়ম অনুযায়ী।   

গ্রুপ ‘সি’-এর বর্তমান অবস্থান

স্কটল্যান্ড– ৩ পয়েন্ট

মরক্কো– ১ পয়েন্ট (ফেয়ার প্লে মানদণ্ডে সাময়িকভাবে এগিয়ে)

ব্রাজিল– ১ পয়েন্ট

হাইতি– ০ পয়েন্ট

গ্রুপপর্ব থেকে পরের রাউন্ডে যাবে যারা

টুর্নামেন্টের নতুন ফরম্যাট অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৩২টি দল গ্রুপপর্ব পেরিয়ে নকআউট পর্বে (রাউন্ড অব থার্টি টু) উন্নীত হবে। এর মধ্যে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ মিলিয়ে ২৪ দল সরাসরি নকআউটে উঠবে, এ ছাড়া সব গ্রুপ মিলিয়ে সেরা ৮টি তৃতীয় স্থানধারী দলও পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।

প্রতিটি দল গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলবে। জয়ের জন্য ৩ পয়েন্ট, ড্রয়ের জন্য ১ পয়েন্ট এবং হারের জন্য ০ পয়েন্ট দেওয়া হয়। দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে ক্রমানুসারে নিচের টাইব্রেকার প্রয়োগ করা হবে গোল ব্যবধান, মোট গোলসংখ্যা এবং মুখোমুখি লড়াইয়ের ফল।

Link copied!