ফাইল ছবি
ঢাকা: নিরাপত্তা পেলে দেশে ফিরতে পারেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। এই সংবাদ প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবকে নিয়ে সরকারের আগের নমনীয় অবস্থানের আর কোনো সুযোগ নেই।
আমিনুল হক বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’
আমিনুল হক দাবি করেন, সরকার এতদিন সাকিবের বিষয়টি সহনশীলতা ও নমনীয়তার সঙ্গে বিবেচনা করেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই অবস্থানে পরিবর্তন এসেছে।
তিনি আরও বলেন, ‘আমরা এতদিন তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, তার ক্ষেত্রে আগের অবস্থান বজায় রাখার সুযোগ নেই বলে আমি মনে করি।’
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানান, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেশে ফিরতে চান। আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে উল্লেখ করেন। তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।
২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়।
পিএস







































