চলতি বছর তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে : রিজওয়ানা

  • রংপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১১:১২ এএম

রংপুর :  অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এ দুদেশের বিষয়। তাই সিদ্ধান্ত নিয়ে দুদেশেরই সম্মতি লাগবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পূর্ণ করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে। 

তিনি আরও বলেন, এই কয় মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনায় প্রথমে সরকার যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়নিজ কর্তৃপক্ষের কাছে গেলে বিস্তারিত রিপোর্ট করলেই শুরু হবে এর বাস্তবায়নের কাজ।

পিএস