ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।অগ্নিসংযোগে ক্যাম্পের বেশ কিছু সামগ্রী আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসীর দ্রুত পদক্ষেপে।
এ বিষয়ে ফরিদপুর সদরের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, "এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাজা সেখ জানান, "ফজরের নামাজ শেষে তিনি মৃগী আঙ্গিনা মসজিদ থেকে বের হয়ে ক্যাম্পে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি দ্রুত স্থানীয় লোকজনকে খবর দেন। এলাকাবাসীর সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সময়মতো আগুন নেভানো না গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আশপাশের দোকান ও স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলে জানান স্থানীয়রা।"
বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে স্থাপিত ওই নির্বাচনী ক্যাম্পে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এতে একটি বড় নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় পুড়ে যায়। ভোরে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
এসবিআর