রাজাপুরে বুদ্ধিপ্রতিবন্ধী মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

  • রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০২:২১ পিএম
ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুরে রাস্তা থেকে তুলে নিয়ে ১৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়গালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী খাবার কিনতে স্থানীয় একটি দোকানে যাচ্ছিল। এ সময় পাশের এলাকার তিন যুবক-মুসা জামাদ্দার (২২), কমল হাওলাদার (২৪) ও নাদু ব্যাপারী (২৩)-রাস্তা থেকে তাকে ধরে পাশের একটি পরিত্যক্ত বাগানবাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় শামিম ও ফজিলা বেগম বিষয়টি প্রত্যক্ষ করেন।

স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন এবং পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীর প্রাথমিক জবানবন্দি গ্রহণ করে এবং ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ফুলহার গ্রামের কমল হাওলাদার এবং চাড়াখালী গ্রামের নাদু ব্যাপারীকে গ্রেপ্তার করে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজাপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক হাওলাদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণের প্রস্তুতি চলছে।

এসএইচ