কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিএ–১১৫২১ ক্যাপ্টেন ইসফাক ইবনে আলাউদ্দিন। দাউদকান্দি আর্মি ক্যাম্পের ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল এ অভিযানে অংশ নেয়।
আটক দুজন হলেন ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে মো. এসহাক মোল্লা জুয়েল এবং একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে আব্দুল হাসান।
স্থানীয় সূত্র জানায়, এসহাক মোল্লা জুয়েল কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। তবে তিনি কী কারণে এবং কোন প্রেক্ষাপটে অস্ত্র বহন করছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
অভিযানকালে আটক ব্যক্তিদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, পাঁচটি দেশীয় অস্ত্র (চাকু), তিনটি লোহার পাইপ, ছয়টি পাসপোর্ট, নগদ ২০ হাজার টাকা এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে পাঁচটি মোবাইল ফোন নষ্ট অবস্থায় ছিল। উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
এসএইচ