কাঁঠালিয়ায় জামায়াতের ৪ বাড়ি ও ২ ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির হামলা

  •   কাঁঠালিয়া প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের ৪টি বাড়ি, ২টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ নারী আহত হয়েছেন। কাঁঠালিয়া থানা পুলিশ দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে।

শনিবার দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং ০৬)।

মামলার অভিযোগে বলা হয়েছে, মিজানুর রহমান কালামের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাটিখালঘাটা গ্রামের জামায়াতে ইসলামী সমর্থক সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়ি এবং তার ভাই কামাল জমাদ্দারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) ও মেয়ে সাবিনা (৩০) আহত হয়েছেন। একই ইউনিয়নের মোস্তফা মাস্টার ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

পাটিখালঘাটা বাজারের ঔষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানেও হামলা চালানো হয়। এছাড়া পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত অফিসেও হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফুয়াদ জমাদ্দার (৪২) ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, মামলা দায়ের করা হয়েছে, দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসএইচ