ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে এএসআইয়ের মৃত্যু

  • ঠাকুরগাঁও প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে মারা গেছেন পীরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম। ঘটনাটি রবিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে ঘটেছে।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে এএসআই শহিদুল ইসলাম ও পীরগঞ্জ থানার অন্য সদস্যরা ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে অভিযান চালান। এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার সময় হঠাৎ শহিদুল ইসলাম বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাঁকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আসামি ধরার সময় অসুস্থ বোধ করার পর হাসপাতালে নেওয়া হলেও শহিদুল ইসলামের মৃত্যু হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"

এসএইচ