রাজশাহীর পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি বলেছেন, যে দলেরই হোক না কেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে হবে। সভা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এমপি মিলন বলেন, সমাজে মাদক একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পবা শহরকে একটি সুন্দর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক, নওহাটা পৌর বিএনপির সভাপতি, উপজেলা প্রকৌশলী, সহকারী কমিশনার (ভূমি) ও বিজিবি, থানা ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএইচ