পিরোজপুরে বসতঘরে আগুন, লুটপাট ও কুপিয়ে জখম

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে রনজিত দাস নামে এক ব্যক্তির বসতঘরে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এতে রনজিত দাস গুরুতর আহত হয়েছেন। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামীম হাওলাদার আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের জানিয়েছেন, দুর্বৃত্তরা গভীর রাতে রনজিত দাসের ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ও মূল্যবান জিনিস লুট করে। বাধা দিতে গেলে তাঁকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে ঘরে আগুন ধরিয়ে দ্রুত তারা পালিয়ে যায়।

প্রতিবেশীরা ‘আগুন আগুন’ চিৎকার শুনে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে, তবে ঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহত রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ