চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়া হাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মুজিবুর রহমান (৫০) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান পূর্ব গুজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত আব্দুল মোনাফের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী ছিলেন এবং রাউজানের নবনির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দুই সন্তানের জনক। বড় ছেলে মানসিক সমস্যায় ভুগছেন এবং ছোট ছেলে প্রবাসে রয়েছেন। স্ত্রী শাহানাজ বেগম বলেন, ইফতারের সময় তিনি বাসা থেকে বের হন। পরে খবর পান, দুর্বৃত্তরা তাকে তিনটি গুলি করেছে। হাসপাতালে গিয়ে দেখেন, তার স্বামী মারা গেছেন।
স্থানীয়রা জানান, ইফতারের পর মুজিবুর রহমান অলি মিয়া হাটের একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে দোকান থেকে বের হয়ে সড়কের দিকে গেলে দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি চালায়। তার কপাল, বুক ও পেটে গুলি লাগে। তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, নিহতের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা-কাটাকাটি হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাকে আপাতত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
২০২৪ সালের আগস্টের পর থেকে রাউজানে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, এসব ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী। ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এসএইচ