বরিশাল: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমরা গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে আনতে চাই। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় গণমাধ্যমের যে ব্যাপক পরিবর্তন এসেছে, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের নীতিমালা ও ব্যবস্থাপনায় সংস্কার আনা প্রয়োজন।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউজে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রতিষ্ঠার সময় বর্তমানের মতো ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের বিস্তার ছিল না। ফলে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সমন্বয় ঘটাতে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ বাস্তবতায় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘স্বাধীনতা ও জবাবদিহিতা একে অপরের পরিপূরক। আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং একইসঙ্গে পেশাগত মানদণ্ড বজায় থাকবে।’
পিএস