বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলাই ৩৬ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ও মাহফুজুর রহমান, পীরগাছা উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন মিমুল, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, সদর উপজেলার সাবেক প্রধান সমন্বয়কারী তৌহিদুল ইসলাম সাদ্দাম, বদরগঞ্জের মাসুদ রানা প্রামাণিক, তারাগঞ্জের মোতাসিম বিল্লাহ স্বপন, গঙ্গাচড়া উপজেলার চৌধুরী, জেলার যুগ্ম সদস্যসচিব এ এস মজনু ও শেখ রেজওয়ানসহ অন্যান্য নেতারা।
নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার পর গত এক বছরে এনসিপি জনগণের অধিকার আদায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে কাজ করছে। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় দলটি ভবিষ্যতেও সোচ্চার থাকবে বলে তাঁরা জানান। একই সঙ্গে সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বিকেলে রংপুরের পাগলাপীরে অবস্থিত বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয় এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসএইচ