পাবনা: পাবনার ঈশ্বরদীতে হঠাৎ করেই জেঁকে বসতে শুরু করেছে শীত। একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোররাত থেকে ঠাণ্ডা বাতাসে শীতের অনুভূতি বেড়েছে জনপদজুড়ে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ ও কৃষকরা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। সোমবার (২৩ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
[279207]
অগ্রহায়ণের শুরুতেই শীতের এমন আগমনে সকালে অনেককে গরম কাপড় জড়িয়ে কর্মস্থল ও গন্তব্যে যেতে দেখা গেছে। বুধবার সকাল থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। ঠাণ্ডা বাতাস ও কুয়াশায় সকালবেলার স্বাভাবিক কর্মচাঞ্চল্যেও কিছুটা প্রভাব পড়েছে।
শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুর ও কৃষিশ্রমিকরা। ঠাণ্ডা উপেক্ষা করেই অনেককে উঠতি আমন ধান ও আখ কাটতে মাঠে যেতে হচ্ছে।
ঈশ্বরদীর গোপালপুর গ্রামের দিনমজুর মঈন উদ্দিন খান বলেন, ‘শীত এখনো পুরোপুরি নামেনি, তবে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে। ফজরের সময় শীত বেশি লাগে। শীত এলে আমাদের মতো বয়স্ক মানুষের কষ্ট বেড়ে যায়।’
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালুজ্জামান জানান, বুধবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা কমেছে। পাশাপাশি কুয়াশার পরিমাণও বেড়েছে।
এ/এসআই