সিলেট মহানগরীর জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই ভাই ও ছেলেসহ চারজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে জল্লারপাড় এলাকার ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সাবেক এমপি বদির দুই ভাই আবদুশ শুকুর ও আমিনুর রহমান, ছেলে শাওন আরমান এবং টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের একাধিক অভিযানিক দল গ্র্যান্ড প্যালেস হোটেল ও এর আশপাশের এলাকা ঘিরে ফেলে। কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বুধবার ভোরে হোটেলটি থেকে ওই চারজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গ্র্যান্ড প্যালেস হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুজন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই, একজন তার ছেলে এবং অন্যজন টেকনাফের স্থানীয় কাউন্সিলর আহমদ হোসেন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পুলিশের কাছে এসেছে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরই আটক করা হয়েছে। তবে মামলাগুলোর প্রকৃতি ও সংখ্যা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এম