চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা করল ভাই, অতঃপর ধরা

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:২০ এএম

চট্টগ্রামের হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই। গতকাল সোমবার রাত ১১টার দিকে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ভাইকে গ্রেপ্তার করলেও উত্তেজিত এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়।

নিহত গৃহবধূর নাম সেনোয়ারা বেগম (৬৫)। তার সহোদর ভাই ও অভিযুক্ত ঘাতকের নাম জানে আলম (৪২)। তারা উভয়েই ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারাবির নামাজের সময় বোন ছেনোয়ারার বাসায় যান জানে আলম। এ সময় পাওনা টাকার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জানে আলম ছুরিকাঘাতে ছেনোয়ারাকে হত্যা করেন। ঘটনার পর স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করেন জানে আলম। পালানোর পথে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন আজাদীকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে জানে আলম তার বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে হালিশহর থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, ঘাতক জানে আলমকে গ্রেপ্তারের পর পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছিল, তখন স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এলাকাবাসী ঘাতককে নিজেদের হাতে তুলে নিয়ে গণপিটুনি দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কথা–কাটাকাটির একপর্যায়ে জানে আলম ধারালো অস্ত্র দিয়ে তার বোনকে কুপিয়ে জখম করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এম