রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের আকাশ মণ্ডল (২৯) এবং একই ইউনিয়নের বাগলী গ্রামের জামাল মণ্ডল (২২)। ভুক্তভোগী তহুরা বেগম (২২) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা, বর্তমানে গাজীপুর মহানগর এলাকায় বসবাস করছেন, তিনি স্বামীপরিত্যক্ত এবং চার বছরের এক মেয়ে আছেন।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, তহুরা বেগমের পরিচয় সৌদি প্রবাসী সজল মণ্ডলের সঙ্গে টিকটকের মাধ্যমে হয়। সাত মাসের সম্পর্ক গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়। পরে সজলের বন্ধু আকাশ বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাংশায় ডেকে আনে। রাত ১১টার পর বহলাডাঙ্গা সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে আকাশ ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার টাকা এবং স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়া হয়।
ভুক্তভোগী তহুরা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় পাংশা মডেল থানায় মামলা করেন। এরপর আসামীরা আত্মগোপনে চলে যায়। গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই থানার ইসলামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আসামীরা তাদের অপরাধ স্বীকার করেছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদালতে পাঠানো হয়েছে।
এসএইচ