হরিণ শিকারে গ্রেপ্তার, স্বামীকে তালাক স্ত্রীর

  • পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় হরিণ শিকারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ক্ষোভে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। মঙ্গলবার দুপুরে পাথরঘাটা পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সোমবার রাতে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলার খাল এলাকা থেকে দুটি জবাই করা হরিণসহ গ্রেপ্তার হন মো. হানিফা (৪৪)।

মো. হানিফা পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা গ্রামের বাসিন্দা। বিয়ের পর স্ত্রী শাহীনুর বেগমকে নিয়ে তিনি পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন। তালাকের বিষয়টি নিশ্চিত করে পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপির স্থানীয় নেতা আবদুস সালাম শরীফ বলেন, জবাই করা দুই হরিণ ও শিকারের ফাঁদসহ গ্রেপ্তারের পর শাহীনুর তাঁকে তালাক দেন। তালাকের অনুলিপি ডাকযোগে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

শাহীনুরের ছোট ভাই জহিরুল ইসলাম বন বিভাগের পাথরঘাটা সদর বিট কার্যালয়ের কর্মচারী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে হানিফাকে হরিণ শিকার থেকে সরে আসতে বলা হলেও তিনি শোনেননি। হরিণসহ ধরা পড়ার পর তাঁর বোন তালাকের সিদ্ধান্ত নেন।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, হানিফাকে গ্রেপ্তারের সময় শিকারের নয়টি ফাঁদ, জবাই করা দুটি হরিণ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। এ ঘটনায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. পনির শেখ তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের নির্দেশে জব্দ করা হরিণের চামড়া ও শিং সংরক্ষণ করা হয়েছে এবং মাংসে কেরোসিন মিশিয়ে মাটিচাপা দেওয়া হয়েছে।

হরিণঘাটা সংরক্ষিত বনসংলগ্ন হাঁড়িটানা ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলম বলেন, বন রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তদারকি প্রয়োজন।

এসএইচ