লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষিতে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে চাঁদপুর–লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত রিকশাচালক আরমান পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের দাবিতে বিকেলে স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে এবং পেশায় রিকশাচালক।
নিহত বেল্লাল হোসেন মিশরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে আরমান ও অপর রিকশাচালক বৃদ্ধ কবির মোহরির মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবদল নেতা বেল্লাল তাঁদের থামাতে যান। তখন আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
নিহতের ছোট ভাই হেলাল হোসেন বলেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, নিহতের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এসএইচ