নারী দিবসে রংপুরে ‘ওমেন্স ফুটবল ডে’ আয়োজন

  • রংপুর ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরের প্রত্যন্ত এলাকার নারী ফুটবলারদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ‘ওমেন্স ফুটবল ডে’ আয়োজন করা হয়েছে। এ আয়োজন করে এএফসি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাশাপাশি নারী ফুটবলারদের নিয়ে বয়সভিত্তিক ফান গেমের আয়োজন করে সদ্যপুস্কুরনী যুব স্পোর্টিং ক্লাব।

রোববার দুপুরে সদর উপজেলার সদ্যপুস্কুরনী মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বয়সভিত্তিক খেলার উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও হেড অব ডেলিগেশন মঞ্জুর আহমেদ আজাদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রংপুরে মহিলা ফুটবলের আতুরঘর হলো সদ্যপুস্কুরনী। এখানে এমন আয়োজন রংপুরকে গর্বিত করেছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এই অঞ্চলে নারী ফুটবল আরও এগিয়ে যাবে। নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য।

সদ্যপুস্কুরনী যুব স্পোর্টিং ক্লাবের সিইও জহির আলম নয়ন বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবটি ঘিরে আমরা কাজ করে যাচ্ছি। এবারের লিগে আমাদের মেয়েরা ভালো পারফরম্যান্স করেছে। আগামী মৌসুমে আরও আধুনিক ও দক্ষ খেলোয়াড় নিয়ে দল গঠনের চেষ্টা থাকবে।

ক্লাবের ম্যানেজার মিলন মিয়া বলেন, নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তৃণমূল পর্যায়ের মেয়েদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের আয়োজনটি নারী ফুটবলারদের জন্য অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করেছে।

ক্লাবের উপদেষ্টা হারুন উর রশিদ বলেন, আমরা মেয়েদের পাশে আছি এবং ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে শক্তিশালী খেলোয়াড়ের একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি হয়।

অনুষ্ঠানে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্যপুস্কুরনী যুব স্পোর্টিং ক্লাবের সিইও মুহাম্মদ জহির আলম নয়ন, রংপুর মহানগর যুবদল সদস্য মামুন পারভেজ, উপদেষ্টা হারুন উর রশিদ, ম্যানেজার মিলন মিয়া, হেড কোচ শামীম খান মিসকিন, মিডিয়া অফিসার সানি এবং সহকারী কোচ রানু উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনে প্রায় ১৩০ জন নারী ফুটবলার অংশগ্রহণ করেন। শেষে বিভিন্ন বয়সভিত্তিক নারী ফুটবলারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা। এই আয়োজনের লক্ষ্য ছিল নারী ফুটবলের প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করা।

এসএইচ