ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় পাহাড়াদার শাহজাহান হাওলাদার হত্যা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশ ও র্যাবের সহায়তায় ঢাকার দক্ষিনখান ও সায়েদাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শৌলজালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে জনি হাওলাদার (২১) এবং উত্তর কচুয়া গ্রামের ইউনুছ খানের ছেলে লিখন খান (১৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান।
থানা পুলিশ জানান, গত বছর সেন্টারের হাটে পাহাড়া শেষে ভোরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা শাহজাহান হাওলাদারকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় কচুয়া এলাকায় রাস্তায় ফেলে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, গ্রেপ্তারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।
পিএস