মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি : প্রতিনিধি

দিনাজপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা যারা বিএনপি করি, এই দলের কাজ হচ্ছে এমন কাজ করা যা করলে মানুষের উপকার হবে এবং মানুষ খুশি হবে। আমরা চেষ্টা করি সেই কাজগুলোই করতে এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি, আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই সাহাপাড়া খালটি খনন করতে যাচ্ছি। 

খাল খননের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশে যে খালগুলো আগে ছিল প্রায় সকল খাল ভরাট হয়ে গিয়েছে। আমি আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম নদী পর্যন্ত ভরাট হয়ে গিয়েছে। নদীর মধ্যে কিছু চাষবাস কাজ হচ্ছে। ছোট ছোট কালভার্ট ব্রিজ যখন পার হয়ে আসলাম দেখলাম যে অনেকগুলো খাল প্রায় ভরাট হয়ে গিয়েছে। এই এলাকায় খবর নিয়ে জানলাম, বর্ষার মৌসুমেও খরা হয়, অনেক জায়গায় পানি পাওয়া যায় না। কিন্তু আমরা এই বর্ষার পানিকে কাজে লাগাতে চাই। 

বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যে পরিবর্তনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, আজকে যে মাসে ৫ হাজার টাকা আয় করে আমরা চাই তার আয় আগামী দুই চার বছরের মধ্যে যাতে ৫ থেকে ১০ হাজার টাকায় পৌঁছে। যে ২ হাজার টাকা ইনকাম করে আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। 

পিএস