যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমার দেশ’-এর আবাসিক সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। সঞ্চালনায় ছিলেন বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান ও ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল ফোরকান।
আলোচনায় প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সমাজের অসংগতি, বৈষম্য ও বাস্তব চিত্র তুলে ধরে তারা মানুষকে সচেতন করেন এবং পরিবর্তনের পথে অনুপ্রাণিত করেন। বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উস্কানিমূলক ও হলুদ সাংবাদিকতা পরিহারের আহ্বান জানান।
তিনি স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গ টেনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করেন এবং বলেন, সেই আহ্বানে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার চেতনা ধারণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা মো. শাহনওয়াজ, কালের কণ্ঠের ব্যুরো প্রধান ও সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও অর্থ সম্পাদক আবুল হাসনাত, একাত্তার টেলিভিশনের ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, এনটিভির সিনিয়র রিপোর্টার ও কার্যকরী সদস্য আরিচ আহমেদ শাহ, গ্রীন টিভির সিইও ও কার্যকরী সদস্য ওয়াহিদ জামান, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, বিএফইউজের সাবেক নির্বাহী সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুলসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবু তাহের মো. তোহা, জাসাস চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, এটিএন নিউজের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, জনকণ্ঠের সিনিয়র ফটোসাংবাদিক সাইদুল আজাদ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, দৈনিক সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, সাংস্কৃতিক উপকমিটির সদস্য সরোজ আহমেদ, মো. নজরুল ইসলাম ও মো. গিয়াস উদ্দিনসহ ক্লাবের সদস্যরা।
দিবসটি উপলক্ষে ক্লাব সদস্যদের সন্তানদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আলোচনা শেষে চট্টগ্রামের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এসএইচ