লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় অবস্থিত শতবছরের ঐতিহ্যবাহী সিন্ধুরমতি মেলার শেষ দিনে হাজারো পূণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ভক্তদের উৎসাহে মেলার মাঠ জমজমাট হয়ে ওঠে। স্বনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে সিঁদুর কেনা ও পূজার্চনার বিশেষ উদ্দীপনা দেখা যায়।
শুক্রবার (২৭ মার্চ) এই ঐতিহাসিক মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের ভিড়ে জমে ওঠে সিন্দুরমতি দিঘির পাড়।
মেলার শেষ দিনে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে মাঠে কিছুটা কাদা থাকলেও দর্শনার্থীদের উৎসাহ কমেনি। নারীরা সিঁদুর কেনায় ব্যস্ত সময় পার করছেন। বিশ্বাস করা হয়, সিন্দুরমতি দিঘির পবিত্র জল স্পর্শ ও মেলা থেকে সিঁদুর কেনা পরিবারে কল্যাণ আনে। মেলায় মাটির খেলনা, আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের দোকানেও ছিল উপচে পড়া ভিড়।
আয়োজক কমিটি জানিয়েছে, শত বছরের পুরনো এই মেলা অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক মিলনমেলা। শেষ দিনে জনস্রোত প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেলার নিরাপত্তা নিশ্চিত করতে নিরলস কাজ করছেন। সন্ধ্যায় ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী পুণ্যস্নান ও মেলা উৎসব।
এসএইচ