ময়মনসিংহ: ময়মনসিংহের দুই শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে সাংবাদিকদের চলে যেতে বলায় অনুষ্ঠান বর্জন করেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে।
উপস্থিত সাংবাদিকরা বলেন, মতবিনিময় সভায় আমরা ক্যামেরা ও সকল প্রস্তুতি সম্পন্ন করি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবেশ করেন এবং বলেন সাংবাদিকদের থাকার দরকার নেই, আপনারা চলে যান।
শিক্ষামন্ত্রী এ-ও বলেন, সার্কিট হাউজের ডাকবাংলোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলব। তার এ কথা বলার পরই উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক আমাদের জোর করে ও ধাক্কা দিয়ে অডিটোরিয়াম থেকে বের করে দেন। কেউ কেউ ‘ঘুষি’ মারতেও উদ্যত হন বলে অভিযোগ করেন সাংবাদিকরা।
এ ঘটনার পরই শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানটি বর্জন করে বাহিরে অবস্থান নেন বলে জানান সাংবাদিকরা।
জানা গেছে, আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ঘিরে এ ঘটনা ঘটে বলে জানান সাংবাদিকরা।
পিএস