সাগরে ধরা ১৮০ পিস লাক্ষা মাছ, বিক্রি ৪০ লাখ টাকায়

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি : প্রতিনিধি

পিরোজপুর: বঙ্গোপসাগরে পিরোজপুরের তিন জেলের জালে প্রায় ১৮০ পিস লাক্ষা মাছ ধরা পড়েছে। এসব মাছ পিরোজপুরের পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় ৪০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি ধাপে ওই মাছগুলো বিক্রি হয়। এখানে প্রায় ৩ হাজার কেজি মাছ, যার দর প্রতি মণ ৬৫ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে ওঠানামা করছে। এসব মাছের প্রধান ক্রেতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী জাকির। 

মৎস্য কেন্দ্র সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুড়া গ্রামের জেলে আবুল আকনের জালে ধরা পড়ে ৬৬ পিস, জেলার জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের জালে ৫০ পিস ও একই এলাকার কালাম খানের জালে ৬৩ পিস লাক্ষা মাছ ধরা পড়ে। 

মাছ ব্যবসায়ী আবুল আকন জানান, বঙ্গোপসাগরে জেলেদের জালে ১০ থেকে ২২ কেজি ওজনের একেকটি লাক্ষা মাছ ধরা পড়ে। তিনটি ফিসিং বোটে এই মূল্যবান মাছ ধরা পড়ার পর জেলেরা সাগর থেকে মৎস্য কেন্দ্রে আসেন। 

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার বাদশা সরদার বলেন, এই মৎস্য কেন্দ্রে মোট তিনটি ফিসিং বোট মাছ নিয়ে এসেছে। এর মধ্যে দুটি বোটের মাছ ২২ লাখ টাকায় বিক্রি হয়েছে। বাকী একটি বোটের মাছও প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকায় বিক্রি হবে। এই মাছগুলো চট্টগ্রাম ও কক্সবাজার ফিশারীঘাটে সরবরাহ করা হবে, যেখানে এ ধরনের সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা রয়েছে।  

স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন মাছ ধরার অবরোধ থাকার পরে ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরার পর এ ধরনের বড় চালান তাদের জন্য আশার আলো হয়ে আসে।

পিএস