বরিশাল: বরিশালে সংক্রামক রোগ হাম উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়।
মৃতরা হলো,বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমানের ৯ মাস বয়সী ছেলে রাকিব এবং মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাসিন্দা রাজিবের মেয়ে সাদিয়া। তারা ৮ এপ্রিল দুপুরে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং শুক্রবার ভোরে প্রায় এক ঘণ্টার ব্যবধানে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে শেবাচিম হাসপাতালে ৯২ জন শিশু হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ জন। চলতি বছরের ১০ এপ্রিল সকাল পর্যন্ত মোট ৩৪১ জন শিশু এই রোগে চিকিৎসা নিয়েছে।
অন্যদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৭৫১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৭২ জন এবং সুস্থ হয়েছে ৬১ জন। একই সময়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশুদের মধ্যে দ্রুত হারে হাম ছড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে। এ অবস্থায় শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের বিভিন্ন এলাকায়ও হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
পিএস