ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ছাড়ল ট্রেন

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:০৫ পিএম
ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় আড়াই ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

শনিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। বিকলের কারণে স্টেশনে দীর্ঘ সময় আটকে থাকে ট্রেনটি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতার হোসেন জানান, ইঞ্জিন বিকলের পর রেলওয়ের কর্মীরা তাৎক্ষণিকভাবে ত্রুটি সারানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন আনা হলে বেলা ১১টার দিকে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের ঘটনায় স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও বিকল্প লাইনে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

তবে দীর্ঘ সময় অপেক্ষার কারণে ট্রেনটির যাত্রীরা দুর্ভোগে পড়েন।

এসএইচ