ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল চালকের, আহত ৪

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর আমিন (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার দুপুর প্রায় ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। তাদের মধ্যে শিউলি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ছয় চাকার ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয় এবং অন্য যাত্রীরা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ ইবনে সিদ্দিক জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএইচ