বাংলা বর্ষবরণে পাবনায় দর্শক মাতালেন জেমস, ইমরান, ঐশী

  • পাবনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০১:১৭ পিএম
ছবি : প্রতিনিধি

পাবনা: নানা আয়োজনে পাবনায় বাংলা বর্ষবরণ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে প্রশাসন ও বিভিন্ন সরকারি বেসরকারি আয়োজনে ছিল বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানমালা।

মঙ্গলবার সকালে প্রথমে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ এরপর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে রুচি বৈশাখী উৎসব শিরোনামে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়।

শহরের স্বাধীনতা চত্বরের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি প্রধান সড়ক ঘুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বর্ষবরণ কনসার্ট। এতে গান পরিবেশন করে দর্শক মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল, ঐশী সহ ম্যাজিক বাউলিয়ানা-২০২৫ এর প্রথম সেরা তিন শিল্পী। এছাড়া মনোজ্ঞ নৃত্য পরিবেশন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ নৃত্য দল।

উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। শুভেচ্ছা জানান, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার আনেয়ার জাহিদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান সহ অনেকে।

এছাড়াও পাবনা জেলা-উপজেলা প্রশাসন, পাবনা প্রেসক্লাব সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শোভাযাত্রা সহ বাংলা বর্ষবরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

পিএস