সাভার শিল্পনগরীতে প্রবেশ করেছে ৫ লাখের বেশি চামড়া

  • সাভার (ঢাকা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০২৬, ০৭:১০ পিএম
ছবি : প্রতিনিধি

সাভার: পবিত্র ঈদুল আজহায় গত তিন দিনে সাভার চামড়া শিল্পনগরীতে পাঁচ লাখের বেশি কাঁচা চামড়া ঢুকেছে। শনিবার (৩০ মে) বিকেলে চামড়া শিল্প নগরীর বিসিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাইয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. মেহরাজুল বলেন, “বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ৭১২টি ট্রাকে শিল্পনগরীতে এসেছে ৫ লাখ ২৭ হাজার ৬৭৬টি কাঁচা চামড়া। এর মধ্যে গরু ও মহিষের চামড়া রয়েছে ৫ লাখ ১১ হাজার ৫৪০টি এবং ছাগল-ভেড়ার চামড়া ১৬ হাজার ১৩৬টি।”

তিনি বলেন, “শিল্পনগরীতে আসা চামড়া দ্রুত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের কাজ চলছে। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে বিসিক, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি চামড়া পরিবহন ও ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।”

সরেজমিন দেখা যায়, ট্যানারিগুলোতে একের পর এক ট্রাকে চামড়া প্রবেশ করছে। চামড়া আনলোড, সংরক্ষণ ও লবণজাত করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

শিল্পনগরীর প্রধান ফটকে দায়িত্বপালনরত কর্মীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বপ্রথম কোরবানির পশুর চামড়া বহনকারী একটি গাড়ি শিল্পনগরীতে প্রবেশ করে। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে চামড়াবাহী ট্রাকের চাপ।

পিএস