সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলি, এলাকায় আতঙ্ক

  • মো. শাকিল শেখ, সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

সাভারে ছাত্রদলের সাবেক এক নেতার কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে ঢাকার সাভার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ঢালাই মোড়ের রাজাশন মহল্লায়। বুধবার সকালে গুলির বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ওই এলাকায় সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু একটি রাজনৈতিক কার্যালয় চালু করেন। বর্তমানে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয়। কার্যালয়ে দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙানো ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ১০টার দিকে ১৪ থেকে ১৫ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় পরপর তিন রাউন্ড গুলি ছোড়া হয়। দুটি গুলি কার্যালয়ের এসিতে লাগে এবং একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে হামলাকারীরা শাটার ভাঙচুরের চেষ্টা করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা বিরাজ করে।

সাবেক ছাত্রদল নেতা তানভীর বাবু বলেন, বিদ্যুৎ না থাকায় তারা কার্যালয়ের বাইরে বসে ছিলেন। এ সময় হঠাৎ করে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে এবং ভাঙচুরের চেষ্টা চালায়।

সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক হারুন জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ