ডাস্টবিনের ময়লায় দুর্গন্ধে এসএসসি পরীক্ষার্থীর পড়ালেখায় বিঘ্ন

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় নির্ধারিত ডাস্টবিনে ময়লা না ফেলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে এক বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে। এতে দুর্গন্ধ ও মশার উপদ্রবে আশপাশের বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে এক এসএসসি পরীক্ষার্থীর পড়ালেখাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি উঠেছে।

বুধবার সরেজমিনে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট ব্লক-সি এলাকার মৌসুমী মার্কেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, মৃত হানিফের বাড়ির কেয়ারটেকার মালেকা বেগমের নির্দেশে তার ভাড়াটিয়ারা ডাস্টবিনে ময়লা না ফেলে পাশের একটি বাড়ির জানালার পাশে আবর্জনা ফেলছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই স্থানে নিয়মিত ময়লা ফেলার কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ায় বসবাস করা কষ্টকর হয়ে পড়েছে।

অভিযুক্ত বাড়ির ভাড়াটিয়াদের কয়েকজন জানান, বাড়ির মালিকের নির্দেশেই তারা নির্ধারিত ডাস্টবিনের পরিবর্তে ওই স্থানে ময়লা ফেলছেন। তারা বলেন, মালিকের নির্দেশ অমান্য করা সম্ভব হচ্ছে না।

এদিকে পাশের বাড়ির এক এসএসসি পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, তার পড়ার ঘরের জানালার পাশে ময়লা ফেলার কারণে দুর্গন্ধ ও মশার উপদ্রবে পড়াশোনায় সমস্যা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মাকসুদা বেগম বলেন, একাধিকবার নিষেধ করা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে অভিযুক্ত কেয়ারটেকার মালেকা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় এক যুবদল নেতা মো. নুরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও সমাধান হয়নি। তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পরিবেশ দূষণ ও প্রতিবেশীদের দুর্ভোগের অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ