গৌরনদীতে কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতা

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে জয় সরকার (২৪) নামের এক কলেজ ছাত্রকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত জয় সরকার উপজেলার কেফায়েতনগর এলাকার রনজিত সরকারের ছেলে এবং মাহিলাড়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে কলেজে প্রবেশপত্র নিতে গেলে ইলিয়াস নামের এক যুবক জয় সরকারকে জানান, ছাত্রদল কর্মী নিরব সিকদার তাকে মাহিলাড়া বাসস্ট্যান্ডে যেতে বলেছেন। পরে সেখানে গেলে জয়কে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

হাসপাতালে চিকিৎসাধীন জয় সরকার বলেন, কিছুদিন আগে নিরবের সঙ্গে তার সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই ঘটনার জেরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় বুধবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত নিরব সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটি জানার পর গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর খোঁজখবর নেন।

এসএইচ