বরিশালে ব্রিজ নির্মাণে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়। প্রায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্থের এ ব্রিজের ঢালাই কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সরকারি নিয়মে যেখানে ঢালাইয়ের পুরুত্ব পাঁচ ইঞ্চি হওয়ার কথা, সেখানে তা করা হয়েছে প্রায় সাড়ে তিন ইঞ্চি। পাশাপাশি নির্ধারিত দূরত্ব অনুযায়ী রড বসানোর কথা থাকলেও তা মানা হয়নি বলেও স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের দাবি, ঢালাইয়ের সময় বাধা দিলে কিছু রড এনে কাজ চালানো হয়। পরে সিমেন্টের ঘাটতি দেখা দিলে স্থানীয়দের কাছ থেকে পাঁচ ব্যাগ সিমেন্ট সংগ্রহ করা হয়। ব্রিজের একাংশে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই সম্পন্ন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দা হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা জানান, ব্রিজটির দৈর্ঘ্য ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও ৪৫ ফুটে কাজ শেষ করা হয়েছে।

এছাড়া ব্রিজ নির্মাণের কথা বলে ইউপি সদস্য সোহেল মোল্লা বিভিন্ন সময়ে সুফলভোগীদের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সোহেল মোল্লা বলেন, তিনি কোনো টাকা নেননি এবং কিছু অংশে স্থানীয়রাই বাঁশ ব্যবহার করেছে।

রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণে প্রথম পর্যায়ে দেড় লাখ টাকা এবং পরে আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রিজের কাজ তাদের দপ্তরকে জানানো হয়নি, যা নিয়মবহির্ভূত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা হয়েছে। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এসএইচ