চাচার হামলায় হাত ভাঙা নিয়ে ভাতিজির পরীক্ষায় অংশগ্রহণ

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চাচার হামলায় ডান হাত ভেঙে যাওয়া এসএসসি পরীক্ষার্থী বিথী আক্তার প্রশাসনের সহযোগিতায় পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের উদ্যোগে একজন শ্রুতিলেখকের সহায়তায় সে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিথীর ওপর হামলা চালায় তার চাচা। এতে তার ডান হাত গুরুতর জখম হয়ে ভেঙে যায়। ফলে স্বাভাবিকভাবে লিখতে অক্ষম হয়ে পড়ে সে এবং তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে ওঠে। বিথী তোফেল আকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিশেষ আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারকে শ্রুতিলেখক হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়।

অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় শ্রুতিলেখকের মাধ্যমে অংশ নেয় বিথী। শারীরিক কষ্ট থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নিতে পেরে বিথী ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।

মঠবাড়িয়া থানার পুলিশ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএইচ