৩৪ বছরেও জাতীয়করণ হয়নি রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি স্কুল

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা-মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩৪ বছরেও জাতীয়করণ হয়নি। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়টি জাতীয়করণের আশায় বিনা বেতনে পাঁচজন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুফিয়া বেগম ও তার স্বামী হাজী আইয়ুব আলী ভুঁইয়া চার কোটি টাকা মূল্যের ৩৩ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করে চার কক্ষবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ করেন। সেই ঝুঁকিপূর্ণ ঘরেই এখনো চলছে শিক্ষার্থীদের পাঠদান। দুই বর্গকিলোমিটার এলাকার মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় ভায়েলা-মিয়াবাড়ি, মুইরাবো, গোপালিয়াবাড়ি, আজিজনগর, ইসলামবাগ, হুরারবাড়িসহ আশপাশের এলাকার শিশুদের একমাত্র ভরসা এই বিদ্যালয়।

২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও এ বিদ্যালয়টি বাদ পড়ে যায়। এরপর থেকে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে আসছেন, তবে এখনো কোনো সুরাহা হয়নি।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি জরাজীর্ণ টিনের ঘরে পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় বৈদ্যুতিক পাখাও নেই। আসবাবপত্র ও বেঞ্চের সংকট রয়েছে। তীব্র গরমে শিক্ষার্থীরা কষ্টে ক্লাস করছে। বিদ্যালয়ে কোনো টয়লেট নেই এবং সীমানা প্রাচীর না থাকায় এটি অরক্ষিত অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় ছাদের ফাঁক দিয়ে পানি পড়ে বই-খাতা ভিজে যায়।

বিনা বেতনে ৩৪ বছর ধরে পাঠদান করতে গিয়ে একাধিক শিক্ষক মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। নতুন শিক্ষকরা প্রতিকূলতার মধ্যেও পাঠদান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আবু বকর বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো হলেও অবকাঠামোগত দুরবস্থার কারণে তারা কষ্টে পড়ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শামীমা সুলতানা ওমা বলেন, স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়টি কোনোরকমে চলছে। অবিলম্বে এটি জাতীয়করণ করা প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, এলাকার দরিদ্র শিশুদের কথা ভেবে তারা বিনা বেতনে পাঠদান করছেন। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২০২ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহরুক জাবীন বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব নিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ৩৪ বছরেও বিদ্যালয়টি জাতীয়করণ না হওয়া দুঃখজনক। এ বিষয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।