তৃণমূলের প্রতিভা অন্বেষণে ফুলবাড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ 

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৫:৪৩ পিএম
ছবি প্রতিনিধি

তৃণমূলের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উপজেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই কার্যক্রম। ‘তৃণমূলের প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন’-এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত এই বাছাই পর্বের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক ইকবাল হোসেন মন্ডল, উপজেলা প্রশাসন স্কুল-শিশু কাননের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জামান নিশান, বড়লোই দ্বিমুখী মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

দিনের দ্বিতীয় ভাগে বিকেল তিনটায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের ফুটবল, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হয়।

বাছাই কার্যক্রম প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন জানান, বর্তমান সরকারের উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় খুঁজে বের করতেই এই আয়োজন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আগামীর দক্ষ ক্রীড়াবিদ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সেরা খেলোয়াড়দের নির্বাচন করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসএইচ