রান্নাঘরের চুলার নিচে ৮০টি বিষধর সাপ, চারঘাটে আতঙ্ক

  • রাজশাহী ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ০৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার পুঠিমারী গ্রামে একটি বাড়ির রান্নাঘরের চুলার পাশ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিমারী গ্রামের বাসিন্দা ডলার মাহমুদের বাড়ির রান্নাঘরের চুলার পাশে থাকা একটি ইট সরানোর পর হঠাৎ কয়েকটি সাপ বেরিয়ে আসে। এতে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মাটি খুঁড়ে ওই স্থান থেকে একে একে আরও সাপ বের করা হয়। এভাবে মাটি খুঁড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৫ থেকে ৮০টি বিষধর সাপ উদ্ধার করা হয় বলে বাড়ির মালিক ও স্থানীয়রা জানিয়েছেন।

বাড়ির মালিক ডলার মাহমুদ জানান, তারা কখনো কল্পনাও করেননি যে প্রতিদিন ব্যবহার করা রান্নাঘরের চুলার নিচে এত বিপুলসংখ্যক বিষধর সাপ থাকতে পারে। সকালে সাধারণ কাজে ইট সরানোর পর হঠাৎ সাপ বের হতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় মাটি খুঁড়ে সবগুলো সাপ বের করে মেরে ফেলা হয়।

এদিকে রান্নাঘরের মতো একটি জায়গায় এত বিপুলসংখ্যক বিষধর সাপের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। বিষয়টি এরই মধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এসএইচ