প্রবাসী মামার স্ত্রীকে হত্যা করে পাশেই বসেছিলেন ভাগ্নে, নেপথ্য কারণ কী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় ভাগ্নের হাতে সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার ওই এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। এই ঘটনায় অভিযুক্ত ভাগ্নে রিপন মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ। রিপন একই এলাকার আতাউর রহমান আতার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে মামী সাথী আক্তারের সঙ্গে ভাগ্নে রিপন মিয়ার কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে রিপন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করেন। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর নিহতের মরদেহের পাশে ধারালো অস্ত্র নিয়ে একই কক্ষের ভেতর দরজা বন্ধ করে অবস্থান করছিলেন অভিযুক্ত রিপন।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কক্ষের দরজা ভেঙে তারা মরদেহ উদ্ধার করে এবং ভেতরে অবস্থান করা অভিযুক্ত রিপনকে ধারালো অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথ চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে অভিযুক্ত রিপন মিয়াকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএইচ