নওগাঁয় শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:০৮ পিএম
ফাইল ছবি

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার শহরের চকএনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নওগাঁ ব্লাড সার্কেল’ দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করেছে গবেষণা প্রতিষ্ঠান বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ)।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। চকএনায়েত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, রক্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। একজন স্বেচ্ছায় রক্তদাতার দান করা রক্ত মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও সক্ষম ব্যক্তিদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত।

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি শাহনেওয়াজ রক্সি বলেন, সমাজে নিরাপদ রক্তের চাহিদা পূরণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে সামাজিক সংগঠনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ভূমিকা রাখতে হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, ‘এখন যৌবন যার, রক্তদানের শ্রেষ্ঠ সময় তার। আমরা আঠারোতম জন্মদিনকে রক্তদানের মাধ্যমে স্মরণীয় করে রাখার নতুন ধারা চালু করছি। স্কুল শিক্ষার্থীদের উৎসাহিত করছি, তারা যেন আঠারো বছর পূর্ণ হলেই রক্তদান শুরু করে।’

নারীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে সংগঠনের নারী সমন্বয়ক সাদিয়া আফরিন বলেন, সমাজে নারীদের রক্তদান নিয়ে নানা রকম ভুল ধারণা রয়েছে। শারীরিক দুর্বলতার ভয়ে অনেকে পিছিয়ে থাকেন। তবে সচেতনতা বৃদ্ধির ফলে এই বৃত্ত ভাঙতে শুরু করেছে। নারীদের এই অংশগ্রহণ রক্তদানের আন্দোলনকে আরও সমৃদ্ধ করছে।

দিনব্যাপী এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করায়। রক্তদান সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুস সোবহান এবং সংগঠনের স্বেচ্ছাসেবক মুহাম্মাদ ফরহাদ আলম, সুলতান শাহরিয়া শাফি, মো. সোহানুর আমিন, নির্জন দাস, মীর রাগীব মাসুম, মো. রাকিব হোসেন, নূর মোহাম্মদ রাফি, মো. মোমিনুল ইসলাম সিহাব ও মো. তাসিক-উল-হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে নওগাঁ ব্লাড সার্কেল বিনামূল্যে রক্তদান, থ্যালাসেমিয়া রোগীদের সেবা, পাঠাগার পরিচালনা, দুর্যোগে ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসএইচ