ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তোরাপ মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
সোমবার (১৫ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি অটোভ্যানে চড়ে মালিগ্রামের দিকে যাচ্ছিলেন তোরাপ মোল্লা। ভ্যানটি এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের হাসামদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তোরাপ মোল্লার মৃত্যু হয় এবং অটোভ্যানচালক আহত হন। স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তোরাপ মোল্লার মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসএইচ