ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৪:৫৩ পিএম
ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অপ্রীতিকর ঘটনায় ঢাকার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানানো হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুর দুইটার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ও অপমানজনক ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ভারতীয় প্রতিনিধির কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে এর আনুষ্ঠানিক ব্যাখ্যা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমান এ বিষয়ে সরকারের কড়া অবস্থানের কথা জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের সদ্য নির্বাচিত এই সভাপতি দিল্লির ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে পুরো ঘটনা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ দিনশেষে আমরা এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানাতে পারব।’

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আজ সোমবার থেকে দিল্লিতে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডা. জাহেদ উর রহমানের। তাঁর এই সফরের বিষয়টি কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) মাধ্যমে আগেই ভারত সরকারকে নিশ্চিত করেছিল নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।

সব আনুষ্ঠানিকতা থাকা সত্ত্বেও রোববার সন্ধ্যায় দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডা. জাহেদ উর রহমানকে ভারতের মাটিতে প্রবেশে বাধা দেয় এবং নিরাপত্তা তালিকার অজুহাতে আটকে রাখে। পরে উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে প্রবেশের অনুমতি দিলেও, বিমানবন্দরে এমন আচরণের পর উপদেষ্টা নিজেই আর ভারতে না ঢুকে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। আজ সোমবার দুপুরে তিনি দেশে ফিরে এসেছেন।

দিল্লির বিমানবন্দরে বাংলাদেশের একজন শীর্ষ নীতি-নির্ধারকের সঙ্গে এমন আচরণ এবং পরবর্তীতে ঢাকার পক্ষ থেকে ভারতীয় দূতকে তলবের এই ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এসএইচ